ভুয়া ভিউ-কে নির্বাসনে পাঠাচ্ছে ইউটিউব
ইউটিউবের পূর্বের সব রেকর্ড ভেঙ্গে সম্প্রতি ভারতের র্যাপ সংগীত তারকা বাদশাহ’র গান পাগল’র এক দিনে ৭৫ মিলিয়ন ভিউয়ের নতুন রেকর্ড তৈরি করে। পরবর্তীতে এ গানের ভিউ সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমন সন্দেহের অবসান ঘটাতে যাচ্ছে অনলাইনে ভিডিও দেখার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
এজন্য মিউজিক চার্ট সিস্টেমে বড় পরিবর্তন আনছে ইউটিউব। সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ইউটিউব আর ভিউর ওপর নির্ভর করে বিজ্ঞাপন দেখাবে না। সত্যিকারের ভিউ গণনা করে মিউজিকের টপ চার্ট নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়াটিকে ইউটিউব বলছে- ‘অর্গানিক প্লে’।
শিল্পীরা তাদের চ্যানেলে ভুয়া ভিউ ব্যবহার করে ভিডিওর ভিউ বাড়াচ্ছে- অনুসন্ধানে এমন প্রমাণ পেয়েই ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছে প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল দ্য ভার্জ।
খবরে বলা হয়েছে, ইউটিউবে টপচার্ট নির্ধারণ নীতমালা এবং বিলবোর্ড, নীলসনের মতো টপ চার্টিং সংস্থার নীতিগুলির সঙ্গে সঙ্গতি রেখে টপচার্ট নির্ধারণ করা হবে। তাই শিল্পীদের র্যাংকিং তালিকা নির্ধারণ হবে এখন অর্গানিক প্লে’র ওপর ভিত্তি করে।
সেই সঙ্গে ইউটিউবে প্রকাশিত ভিডিওর ২৪ ঘণ্টার রিপোর্টিং সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র বিশ্বাসযোগ্য সোর্স, লিংকের মাধ্যমে ভিউ হওয়া সংখ্যার ওপর ভিত্তি করে র্যাংকিং করা হবে।